সিলেটে হামের উপসর্গে একদিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০০ জনে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়। তারা হলো বিয়ানীবাজারের আবদুল্লাহ আল সাফওয়ান (১), কোম্পানীগঞ্জের জিসান আহমেদ (৯ মাস) এবং হবিগঞ্জ সদরের জায়ান (৩ মাস ২৪ দিন)।
তথ্য অনুযায়ী, চলতি বছর সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৩ জন, সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ৩২ জন এবং মৌলভীবাজারে ১৬ জনের মৃত্যু হয়েছে।
এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৪৩০ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭৯ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৬ জন রোগী রয়েছেন। বাকিরা বিভিন্ন জেলা সদর ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ জনে।
