সিলেট প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুনিরা আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (২৪ অক্টোবর) রাতে ঢাকার বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মুনিরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খাইরুল ইসলাম।

জানা গেছে, শনিবার সকালে দিনাজপুর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনার শিকার হন মুনিরা। সেখানে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয় এবং অন্তত ১৫ জন আহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহত মুনিরাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুনায়েদের ভাষ্য অনুযায়ী, শনিবার সকাল ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মুনিরা। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় এবং তিনি মারা যান।

মুনিরার অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. খাইরুল ইসলাম। তিনি বলেন, “মুনিরার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

তরুণ এই শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *