জাতীয় ডেস্ক | Amar Sylhet
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণে পর্যটকসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পর্যটকদের ভ্রমণের সময়সীমা বাড়িয়ে আগামী ১৫ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দ্বীপ ভ্রমণে প্রত্যেক পর্যটককে পরিবেশ সংরক্ষণ ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে।
পর্যটন গমনবিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরিনা রহমান স্বাক্ষরিত এক চিঠিতে সিদ্ধান্তগুলোর কথা জানানো হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। প্রত্যেক পর্যটকের কাছ থেকে পরিবেশ সংরক্ষণ ফি হিসেবে ১০০ টাকা আদায় করা হবে।
এ ফি আদায়ের জন্য পরিবেশ অধিদপ্তর পরিবেশ সংরক্ষণবিষয়ক ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬-এর বিধি ২৬ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
কক্সবাজারের নুনিয়ারছড়া থেকে চলবে জাহাজ
পর্যটকদের যাতায়াতের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, টেকনাফের পরিবর্তে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে চলাচল করবে।
এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং নৌপরিবহন অধিদপ্তর সেন্টমার্টিনে নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না।
মন্ত্রণালয়ের নতুন চিঠিতে আরও বলা হয়েছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০২৩ সালের ২২ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের নির্দেশনাগুলোও বহাল থাকবে।
নতুন সিদ্ধান্তের ফলে সেন্টমার্টিন ভ্রমণের সময়সীমা ও দৈনিক পর্যটকসংখ্যা নির্ধারণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ফি এবং যাতায়াতব্যবস্থাও নির্দিষ্ট করা হলো।
