নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। প্রায় ২৮ বছরের অভিনয় ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। রোমান্টিক ঘরনার নায়িকা হিসেবে দর্শকমনে গড়ে তুলেছেন শক্ত অবস্থান। এবার সেই গণ্ডি ভাঙতে চান এই অভিনেত্রী।
পূর্ণিমা জানান, দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও কখনও নেগেটিভ চরিত্রে কাজ করার সুযোগ পাননি তিনি।
গণমাধ্যমে এক প্রশ্নের জবাবে পূর্ণিমা বলেন, ‘নতুন কোনও চরিত্র পেলে সিনেমায় কাজ করব। এখন অনেক সিনেমা বা ওটিটিতে নায়িকারা নেতিবাচক চরিত্র বা ভিন্ন কিছু নিয়েই দর্শকের সামনে আসছেন। আমিও সুন্দরী নায়িকা, পরিপাটি ইমেজ এসবের বাইরে কোনও চরিত্র চাই।’
তিনি আরও বলেন, ‘আমার নেতিবাচক সেই চরিত্র দেখে দর্শকের যেন সেই চরিত্রের প্রতি ঘৃণা হয়। আমাকে নিয়ে এ ধরনের চরিত্র কেউ চিন্তা করেনি আজ পর্যন্ত।’
কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন পূর্ণিমা। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে আছে- ‘মনের মাঝে তুমি’, ‘যোদ্ধা’, ‘হৃদয়ের কথা’, ‘বিয়ের প্রস্তাব’, ‘লোভে পাপ পাপে মৃত্যু’, ‘শাস্তি’, ‘সুভা’, ‘মনের সাথে যুদ্ধ’, ও ‘সুলতান’।
এদিকে পূর্ণিমা অভিনীত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ শিরোনামর দুটি সিনেমা দীর্ঘদিন ধরে মুক্তির অপেক্ষায় রয়েছে।
