সিলেট প্রতিনিধি | Amar Sylhet
সিলেট বিভাগের চার জেলার ১৩ নবীন প্রশাসন ক্যাডার কর্মকর্তাকে ময়মনসিংহ বিভাগে পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাঁদের সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়ার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও দেওয়া হয়েছে।
৪৫তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া প্রশাসন ক্যাডারের ২৬৬ কর্মকর্তাকে বিভিন্ন বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করার অংশ হিসেবে এ পদায়ন করা হয়।
রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পদায়ন পাওয়া ১৩ কর্মকর্তা
ময়মনসিংহ বিভাগে পদায়ন পাওয়া সিলেট বিভাগের কর্মকর্তারা হলেন—মৌলভীবাজারের মো. শরীফ উদ্দিন; সুনামগঞ্জের সোহেল আহমেদ, বিধায়ক রায়, আফসানা মিমি ও তানিয়া আক্তার; হবিগঞ্জের মো. নূরে আলম জাবেদ, সুস্মিতা দাস, শাওন দাশ, এইচ. এম. হাসনাইন ইনু ও কামরুজ্জামান এবং সিলেটের ফাহিমা বেগম, আব্দুর রউফ কাজল ও তোফায়েল আহমেদ।
যোগদানের শেষ সময় ১ নভেম্বর
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ২০২৫ সালের ১৪ ডিসেম্বরের সুপারিশ এবং চলতি বছরের ১৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে। পরে শিক্ষানবিস সহকারী কমিশনার হিসেবে মাঠ প্রশাসনে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়।
নির্দেশনা অনুযায়ী, পদায়ন পাওয়া কর্মকর্তাদের আগামী ১ নভেম্বর দুপুরের মধ্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করতে হবে। এ সময় নির্ধারিত ওএসআর ও পিডিএস ফরম পূরণের পাশাপাশি প্রয়োজনীয় সনদপত্র ও ছবি জমা দিতে হবে।
