জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্বের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার ফ্লাইট বিজি-৩৭৭-এ যান্ত্রিক গোলযোগ দেখা দিলে তাৎক্ষণিকভাবে যাত্রা স্থগিত করা হয়েছিল। কারিগরি পরীক্ষা ও মেরামত শেষে উড়োজাহাজটির বোর্ডিং শুরু হয় এবং বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এটি ঢাকার উদ্দেশে নারিতা বিমানবন্দর ত্যাগ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।


বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ফ্লাইটটি টার্মিনাল থেকে পুশব্যাক করার পর রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় ককপিটে ‘স্পয়লার’-এর ত্রুটিসংক্রান্ত সংকেত দেখতে পান পাইলট। নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নিয়ে তিনি উড্ডয়ন বাতিল করে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয়পূর্বক বিমানটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেন। নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর পাইলট ককপিট থেকে যাত্রীদের কাছে যান্ত্রিক ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেন। পরে প্রকৌশলীরা উড়োজাহাজটি পরীক্ষা-নিরীক্ষা করে ত্রুটি দূর করেন।


চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেয়ার পাশাপাশি দেশটির বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক-বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং জাপানি বিনিয়োগ বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়। এ ছাড়া সফরকালে প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় সভায় মিলিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *