জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকায় ফেরার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এতে সরকারপ্রধানের দেশের উদ্দেশে যাত্রা বিলম্বিত হতে পারে। উড্ডয়নের নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ত্রুটি শনাক্ত হওয়ায় উড়োজাহাজটিকে রানওয়ের টারমাকে ফিরিয়ে নেয়া হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটিতে চড়ে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির বিষয়টি নিশ্চিত করে যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং জানান যে যাত্রা কিছুটা বিলম্বিত হবে।

চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেন। এ ছাড়া তিনি জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন।

এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারকরণ এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সফরকালে প্রধানমন্ত্রী দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও এক মতবিনিময় সভায় মিলিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *