বর্তমানে রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা নিয়ে আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আন্দোলনের নামে যারা অস্থিরতা সৃষ্টি করছে, তারা পতিত শক্তির সঙ্গে যোগসাজশ করে এসব করছে। সরকার কঠোর হাতে পরিস্থিতি দমন করবে। কোনো পক্ষ পোশাক কারখানা বন্ধের জন্য উসকানিমূলক কর্মকাণ্ড চালালে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বন্ধ কারখানাগুলো শিগগিরই খুলে দেওয়া হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। মালিক ও শ্রমিকপক্ষ উভয়েই সন্তুষ্টি প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। এ পরিস্থিতিতে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *