যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ক্যালিফোর্নিয়ার ব্যালট নিয়ে ট্রাম্প প্রশাসনের করা একটি গুরুত্বপূর্ণ আবেদন খারিজ করে দিয়েছে। মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগের দিন এই রায় আসলো।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে, ক্যালিফোর্নিয়ায় হাজার হাজার মেইল-ইন ব্যালট এমন ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে যারা মার্কিন নাগরিক নন।
এই অভিযোগের ভিত্তিতে মার্কিন বিচার বিভাগ (ডিপার্টমেন্ট অব জাস্টিস) সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানায়। তাদের দাবি ছিল, ক্যালিফোর্নিয়ার নির্বাচন কর্মকর্তাদের যেন ২০ হাজার মেইল-ইন ব্যালট আলাদা করে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের আশঙ্কা ছিল, এসব ব্যালটের মাধ্যমে অবৈধ ভোট পড়তে পারে।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন যে, যুক্তরাষ্ট্রে ব্যাপক ভোট জালিয়াতি হয় এবং ডেমোক্র্যাটরা অভিবাসীদের দিয়ে অবৈধভাবে ভোট করায়। বিশেষ করে ডাকযোগে ভোট (মেইল-ইন ব্যালট) পদ্ধতিকে তিনি জালিয়াতির মূল কারণ হিসেবে দেখেন। উল্লেখ্য, ক্যালিফোর্নিয়াসহ অনেক ডেমোক্র্যাট-শাসিত রাজ্যে এই পদ্ধতি চালু রয়েছে।ক্যালিফোর্নিয়ায় বর্তমানে প্রায় ২ কোটি ৬০ লাখ নিবন্ধিত ভোটার রয়েছে। এর আগেও নিম্ন আদালতগুলো রাজ্যের নির্বাচন কর্মকর্তাদের পক্ষে রায় দিয়েছিল।
আদালত বলেছিল, ফেডারেল সরকারের এই পদক্ষেপ রাজ্যের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ এবং ফলাফল নিয়ে অযথা সন্দেহ তৈরির চেষ্টা।প্রসঙ্গত, মার্কিন প্রতিনিধি পরিষদে ক্যালিফোর্নিয়ার আসন সংখ্যা ৫২টি, যা যুক্তরাষ্ট্রের যেকোনো রাজ্যের মধ্যে সর্বোচ্চ।এদিকে বিভিন্ন স্বাধীন গবেষণা ও সরকারি নিরীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে অ-নাগরিকদের ভোট দেওয়ার ঘটনা অত্যন্ত বিরল।

