ছবি সংগৃহীত

আমার সিলেট ডেস্ক

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে মধ্যবর্তী নির্বাচন। এই নির্বাচন দেশটির রাজনৈতিক গতিপথ বদলে দিতে পারে। একই সঙ্গে নির্ধারিত হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় থাকার শেষ দুই বছরের রাজনৈতিক পরিস্থিতি। খবর : রয়টার্স, বিসিসি।মার্কিন প্রেসিডেন্টের চার বছর মেয়াদের মাঝামাঝি সময়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয় বলে একে মধ্যবর্তী নির্বাচন বলা হয়। এতে প্রেসিডেন্ট নিজে নির্বাচনে অংশ নেন না। তবে এই নির্বাচনকে সাধারণত ক্ষমতাসীন প্রেসিডেন্ট ও তার রাজনৈতিক দলের কর্মকা-ের মূল্যায়ন হিসেবে দেখা হয়। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এটি একটি বড় পরীক্ষা।বর্তমানে প্রেসিডেন্ট ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি হোয়াইট হাউসের পাশাপাশি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে বিরোধী দল ডেমোক্রেটরা আবারও কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেতে চায়। আর রিপাবলিকানদের লক্ষ্য নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা।

মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান কংগ্রেসের নতুন সদস্য নির্বাচিত হবেন। প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতে এবং ১০০ সদস্যের সিনেটের ৩৫টি আসনে ভোট হবে। এর মধ্যে ফ্লোরিডা ও ওহাইও অঙ্গরাজ্যে দুটি বিশেষ নির্বাচনও রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ছেড়ে দেওয়া আসন পূরণে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচিত করবেন ভোটাররা।

প্রতিনিধি পরিষদের সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেন। তাদের মেয়াদ দুই বছর। অন্যদিকে সিনেটরদের মেয়াদ ছয় বছর। প্রতি ১০ বছর পর যুক্তরাষ্ট্রের জনশুমারির ভিত্তিতে অঙ্গরাজ্যগুলোর জনসংখ্যা অনুযায়ী প্রতিনিধি পরিষদের আসন বণ্টন করা হয়। সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় রয়েছে ৫২টি আসন। আর ওয়াইয়োমিং ও ভারমন্টের মতো কম জনসংখ্যার অঙ্গরাজ্যগুলোতে রয়েছে একটি করে আসন।প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলকে অন্তত ২১৮টি আসন নিশ্চিত করতে হয়। বর্তমানে রিপাবলিকানদের দখলে রয়েছে ২১৮টি আসন। ডেমোক্রেটদের রয়েছে ২১৪টি। একজন স্বতন্ত্র সদস্য রিপাবলিকানদের সঙ্গে অবস্থান করছেন। আর দুটি আসন শূন্য রয়েছে। এর মধ্যে একটি আসন আগে রিপাবলিকান এবং অন্যটি ডেমোক্রেট সদস্যের দখলে ছিল। নতুন নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্যরা ২০২৭ সালের ৩ জানুয়ারি শপথ নেবেন।

এবারের নির্বাচন এমন এক সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বেড়েছে, দেশটি যুদ্ধে জড়িত এবং ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে মেয়াদের সময়ও কমে আসছে। ফলে নির্বাচনের ফলাফলের ওপর আগামী দুই বছরের আইন প্রণয়ন ও সরকারের রাজনৈতিক অবস্থান অনেকটাই নির্ভর করবে।

এদিকে নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ভূমিা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। কয়েক দশকের প্রচলিত রীতির বাইরে গিয়ে ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ সরাসরি নির্বাচনী বিরোধে হস্তক্ষেপের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। সাধারণত কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর সুবিধার জন্য আইন প্রয়োগের ক্ষমতা ব্যবহার হচ্ছে-এমন ধারণা তৈরি এড়াতে বিচার বিভাগ নির্বাচনী বিষয়ে সতর্ক অবস্থান নেয়।

ক্যালিফোর্নিয়ায় প্রায় ২০ হাজার ভোটারের ডাকযোগে পাঠানো ব্যালট আলাদা করে রাখার আবেদন করেছিল বিচার বিভাগ। তাদের অভিযোগ, এসব ভোটারের অনেকে যুক্তরাষ্ট্রের নাগরিক নন এবং আইন অনুযায়ী তাদের ভোট দেওয়ার অধিকার নেই। এ ঘটনায় বিচার বিভাগ একটি ফৌজদারি তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট নথিও চেয়েছে। তবে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, অ-নাগরিকদের ভোট দেওয়া ঠেকাতে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে ব্যালট আটকে দেওয়ার বিষয়ে বিচার বিভাগের আইনগত ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে রাজ্যটি। আদালত বিচার বিভাগের আবেদন প্রত্যাখ্যান করেছে।আলাস্কায়ও একই ধরনের আইনি বিরোধ তৈরি হয়েছে।

সেখানে রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানের সঙ্গে একই নামের একজন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। বিচার বিভাগের অভিযোগ, ভোটারদের বিভ্রান্ত করতেই এই প্রার্থীকে নির্বাচনে আনা হয়েছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ডেমোক্রেট প্রার্থী মেরি পেলটোলার প্রচারশিবির অবসরপ্রাপ্ত শিক্ষক ড্যানিয়েল জে. সুলিভানকে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করার সঙ্গে যুক্ত ছিল। তবে পেলটোলার প্রচারশিবির এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, দুই সুলিভানের কোনো প্রচারশিবিরের সঙ্গেই তাদের সম্পৃক্ততা নেই।সমালোচকদের আশঙ্কা, নির্বাচনের ফলাফল নিয়ে সন্দেহ তৈরির যেকোনো প্রচেষ্টায় বিচার বিভাগের এই ভূমিকা ব্যবহার করা হতে পারে। এর ফলে কংগ্রেসের নিয়ন্ত্রণ এবং বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।এর আগে ২০২০ সালের নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ করেছিলেন। তবে স্বাধীন গবেষণা ও বিভিন্ন অঙ্গরাজ্যের নিরীক্ষায় ভোট জালিয়াতির ঘটনা বিরল বলে উঠে এসেছে। ওই নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে ট্রাম্পের সমর্থক বিভিন্ন সংগঠন ৬০টির বেশি মামলা করেছিল। তবে সবগুলোই ব্যর্থ হয়। ট্রাম্পের প্রথম মেয়াদে বিচার বিভাগের কর্মকর্তারাও এসব প্রচেষ্টায় বিভাগকে যুক্ত করার চাপ প্রত্যাখ্যান করেছিলেন।সব মিলিয়ে এবারের মধ্যবর্তী নির্বাচন শুধু প্রতিনিধি পরিষদ ও সিনেটের আসন নির্ধারণের লড়াই নয়। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য, নির্বাচনী ব্যবস্থার ওপর মানুষের আস্থা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের আগামী দিনের কার্যক্রমও এই নির্বাচনের ফলাফলের সঙ্গে জড়িয়ে রয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *