জাতীয় ডেস্ক | Amar Sylhet

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনতে হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে বিদায় জানানোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় চীন, বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে পরিকল্পিত ত্রিপক্ষীয় করিডোর বাস্তবায়িত হলে অঞ্চলটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হতে পারে বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি জানান, এই আঞ্চলিক করিডোরে যুক্ত হতে বাংলাদেশের যথেষ্ট আগ্রহ রয়েছে। তবে এ উদ্যোগের আগে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান প্রয়োজন।

হুমায়ুন কবির আশা প্রকাশ করেন, লিউ হাইশিংয়ের সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় এবং কৌশলগত সম্পর্ক আরও গভীর ও গতিশীল হবে।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেন।


URL Slug: hasina-no-travel-pass-humayun-kabir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *