শাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা, গবেষণা ও অ্যাকাডেমিক বিনিময়ে যৌথ সহযোগিতার লক্ষ্যে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টারের মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় শাবিপ্রবি উপাচার্যের সম্মেলন কক্ষে এ চুক্তি সম্পন্ন হয়।

শাবিপ্রবির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম এবং ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের পক্ষে ডেপুটি ভাইস-চ্যান্সেলর অধ্যাপক দিবেশ আনন্দ ও আর্কিটেকচার অ্যান্ড সিটিস স্কুলের পরিচালক অধ্যাপক ড. জিউলিও ভারদিনি চুক্তিতে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথ গবেষণা, জ্ঞান বিনিময়, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ পাঠদান কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি ওয়ার্কশপ, সামার স্কুল, শর্ট কোর্স, কনফারেন্স এবং শিক্ষার্থী-শিক্ষকদের প্রজেক্টভিত্তিক শিক্ষা ও ক্রেডিট ট্রান্সফার ডিগ্রি সুবিধা চালুর ক্ষেত্র তৈরি হবে।

শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম বলেন, এই চুক্তির মাধ্যমে শাবিপ্রবির আন্তর্জাতিক পরিমণ্ডলে গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

অনুষ্ঠানে শাবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, আর্কিটেকচার বিভাগের প্রধান স্থপতি ইফতেখার রহমান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *