রিপোর্ট:নাহিদ তালুকদার
সিলেট বিভাগের কোটি মানুষের ভরসার জায়গা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু এখন সেখানে চিকিৎসা নিতে গিয়ে উল্টো আতঙ্ক নিয়ে ফিরছেন রোগীরা।
অভিযোগ উঠেছে, ইন্টার্ন চিকিৎসকদের একাংশের বেপরোয়া আচরণ, চিকিৎসায় অবহেলা, রোগীর স্বজনদের মারধর আর কথায় কথায় কর্মবিরতির কারণে হাসপাতালটি তার সুনাম হারাচ্ছে।
সবশেষ গত ২৮ অক্টোবর রাতে অপারেশনে দেরি হওয়ার কারণ জানতে চাওয়ায় রোগীর স্বজনদের ওপর হামলা চালানো হয়। দক্ষিণ সুরমার সিলামের এক রোগীর স্বজন ও সুনামগঞ্জের এক প্রবাসীর পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করা হয়।
খবর সংগ্রহ করতে গেলে দুই সাংবাদিককেও পিটিয়ে রক্তাক্ত করা হয়। এরপর রাত প্রায় ২টা পর্যন্ত সেবা বন্ধ রেখে রোগীদের জিম্মি করে রাখা হয়। উল্টো কয়েকজন স্বজনকে পুলিশে তুলে দেওয়া হয়।
এর আগেও ১৬ জানুয়ারি ও ৮ জুলাই একইভাবে রোগীর স্বজনদের মারধর করে কর্মবিরতি ডাকা হয়েছিল। প্রতিবার তদন্ত কমিটি হলেও কেউ শাস্তি পাননি।
এ বিষয়ে সুজন সিলেটের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, রোগীরা মার খেতে নয়, সেবা পেতে হাসপাতালে যান। কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় ইন্টার্নরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছেন।
তবে হাসপাতালের সহকারী পরিচালক ডা. বদরুল আমিন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত হয়। জনবল সংকটের কারণে চিকিৎসকদের অনেক চাপ সামলাতে হয়।
সচেতন মহলের দাবি, বিচারহীনতা বন্ধ না হলে ওসমানীতে রোগীরা নিরাপত্তাহীনতায়ই থাকবেন।
