বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ার প্রবণতা যেন থামছেই না। এর মধ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে প্রশান্ত মহাসাগরে তৈরি হতে থাকা এল নিনো। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) সতর্ক করেছে, এল নিনোর প্রভাবে চলতি বছরের বাকি সময় থেকে ২০২৭ সালের শুরুর দিক পর্যন্ত পৃথিবীজুড়ে তাপমাত্রা অস্বাভাবিক রকমের বেশি থাকতে পারে। এতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহসহ চরম আবহাওয়ার ঝুঁকিও বাড়তে পারে।
ডব্লিউএমওর তথ্য অনুযায়ী, এল নিনোর কারণে বৈশ্বিক তাপমাত্রা আরও ০.১ থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সংস্থাটির সোমবার প্রকাশিত ‘স্টেট অব দ্য ক্লাইমেট’ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। তুরস্কে জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ৩১ শুরুর দিন প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
