সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গরু, মহিষ, চকলেট, কম্বল, রসুন, সুপারি, চা-পাতাসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। আটক করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৮২ হাজার টাকা। এ সময় অবৈধ বালু-পাথর বহনকারী একটি বারকি নৌকাও আটক করা হয়।
শুক্রবার (২১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। বাংলাবাজার, সোনালীচেলা, প্রতাপপুর, বিছনাকান্দি, সোনারহাট, শ্রীপুর ও সংগ্রাম এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারে নিয়মিত অভিযানের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গরু, মহিষ, চকলেট, কম্বল, রসুন, সুপারি ও চা-পাতাসহ বিভিন্ন পণ্য আটক করা হয়। পাশাপাশি অবৈধভাবে বালু-পাথর বহন করায় একটি বারকি নৌকাও জব্দ করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, আটক চোরাচালানি পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



