সিলেটে এবার ছিনতাইয়ের শিকার মহানগর বিএনপির সভাপতি

সিলেট নগরে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলছে। এবার খোদ মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন ছিনতাইয়ের শিকার হয়েছেন। দক্ষিণ সুরমা পারাইরচক এলাকা থেকে নাসিম হোসাইনের ৫০ লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।

শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকায় প্রাইভেটকার আটকিয়ে ও ভাংচুর করে এসব টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এই ঘটনায় মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সিলেট নগরে সাম্প্রতিক সময়ে বেশকয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার নগরের মিরের ময়দান এলাকায় র‌্যাব পরিচয়ে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষিকার স্বর্ণের চেইন নিয়ে যায় ছিনতাইকারীরা। একইদিনে দক্ষিণ সুরমার চান্দাই পশ্চিমপাড়া পিরবাড়ি এলাকায় এক নারী ও তার শিশুসন্তানকে ছুরি ধরে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

ছিনতাইয়ের শিকার হওয়ার কথা জানিয়ে নাসিম হোসাইন জানান, তিনি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের বিভাগীয় ডিস্ট্রিবিউটরের দায়িত্বে রয়েছেন। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় বিকাশের কর্মকর্তাবৃন্দ ফেঞ্চুগঞ্জসহ সেই এলাকার ব্যবসায়ীদের দিতে ৫০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে প্রাইভেটকার যোগে রওনা দেন তিনি। তাদের বহনকারী কারটি পারাইরচক এলাকায় পৌঁছামাত্র একদল ছিনতাইকারী মোটরসাইকেল যোগে এসে গাড়ির গতিরোধ করে হামলা ও ভাংচুর শুরু করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে এসব টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় শুক্রবার বিকেলে মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ মনজুরুল আলম জানান, টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ যাছাই বাছাই চলছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৩
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৭
  • ৭:৪৮
  • ৫:১৪