মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আলী আমজাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ সরেজমিন পরিদর্শন করেছেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।

আজ (রবিবার) বিদ্যালয় পরিদর্শনকালে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, বিদ্যালয়ের অভ্যন্তরীণ ও চারপাশের পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক মণ্ডলীকে বিভিন্ন পরামর্শ ও দিক-নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে ইউএনও সাধারণ শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে যান এবং তাদের পড়াশোনার খোঁজখবর নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন।

 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউএনও সানজিদা আক্তার বলেন, “আজকের শিক্ষার্থীরা আমাদের আমানত ও দায়িত্ব। তাদের জন্য একটি সুস্থ, সুন্দর ও যুগোপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং তাদের ভবিষ্যৎ জীবন গঠনে ইতিবাচক সহযোগিতা করা উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের পরম কর্তব্য।”

বিদ্যালয় পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব সেলিম আহমদ চৌধুরী এবং আলী আমজাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মানোন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এই ধরণের তদারকি ও পরিদর্শন কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *