গোলাম দস্তগীর খান ছামিন:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ ভাগ রাম্পা গ্রামের কৃতী সন্তান, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও বীর মুক্তিযোদ্ধা মুবাশ্বির আলী আর নেই। সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় দক্ষিণ ভাগ রাম্পা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুম মুবাশ্বির আলীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়-স্বজন, মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
জানাজা শেষে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল, উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মুবাশ্বির আলীকে রাষ্ট্রীয় সম্মান ও গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শনের পর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।মৃত্যুকালে মুবাশ্বির আলী পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্ব পালনের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে তাঁর অংশগ্রহণ ছিল গৌরবের অধ্যায়। তাঁর মৃত্যুতে নিজ গ্রামসহ পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।মরহুমের মৃত্যুতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।বীর মুক্তিযোদ্ধা মুবাশ্বির আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংসদীয় আসনের এমপি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। একই সঙ্গে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দও শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



