সুইমিংপুলে ডুবে শাবি শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে একটি সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাহজালালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় নগরীর চৌকিদেখি এলাকার বৃটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে তার মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থী দীপাঞ্জন ঘোষ শাবিপ্রবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়। বর্তমানে মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হিমাগারে রয়েছে।

জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় চৌকিদেখি এলাকার বৃটানিয়া সুইমিং পুলে বন্ধুদের সাথে সাঁতার কাটতে যান দীপাঞ্জন ঘোষ। এক পর্যায়ে তিনি সুইমিং পুলের পানিতে তলিয়ে যান। পরে তার সহপাঠীরা তাকে নগরীর দরগা গেইট এলাকার নূরজাহান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎকরা মৃত ঘোষণা করেন।

শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মোকলেছুর রহমান বলেন, আজ তাদের সেমিস্টারের শেষ ক্লাস ছিল। এজন্য বন্ধুরা মিলে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়েছিল। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে তার সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহত শিক্ষার্থীর পরিবারে খবর পাঠানো হয়েছে। তারা সকালে আসলে মরদেহ হস্তান্তর করা হবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ওসমানী হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১১:৫২
  • ৪:১৫
  • ৬:০৩
  • ৭:১৭
  • ৫:৩৭