রবিরবাজারে প্রতিনিয়ত যানজটে দুর্ভোগে পথচারীরা

আশরাফুল ইসলাম জুয়েল :

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ছয় ইউনিয়নের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী রবিরবাজার। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এ বাজারে ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটে। তবে সড়কের পাশে পর্যাপ্ত জায়গা না থাকা, যত্রতত্র যানবাহন পার্কিং, সড়কে বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড এবং ড্রেনের ওপর দোকান বসানোর কারণে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। এতে চরম দুর্ভোগে পড়ছেন পথচারী ও যাত্রীরা।

স্থানীয়দের অভিযোগ, রবিরবাজারের প্রধান সড়কের দুই পাশে এলোমেলোভাবে বিশেষ করে সিএনজি ও অটোরিকশা দাঁড় করিয়ে রাখার কারণে সড়কের চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি সড়কের দুই পাশে বিভিন্ন যানবাহন রাখা ও দোকানের মালামাল রাখায় সড়ক আরও সংকুচিত হয়ে পড়েছে।

ফলে দিনের বিভিন্ন সময়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ পথচারী ও যাত্রীদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীবাহী অ্যাম্বুলেন্সকে। অনেক সময় যানজটে আটকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকে।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, রবিরবাজারে দীর্ঘদিন ধরে যানজটের সমস্যা থাকলেও এর স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। যানজট নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও অবৈধ পার্কিং বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসীর দাবি, রবিরবাজারের যানজট নিরসনে দ্রুত সড়কের দুই পাশ সম্প্রসারণ করে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং সড়কে যানবাহনের অবৈধ স্ট্যান্ড ও এলোমেলো পার্কিং বন্ধ করতে হবে। পাশাপাশি ড্রেনের ওপর দোকান বসানো বন্ধ করে পথচারীদের চলাচলের উপযোগী পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস বলেন, রবিরবাজারের যানজটের বিষয়টি আমাদের অবগত রয়েছে। যানজট নিরসনে পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয়দের নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। প্রয়োজন হলে রবিরবাজারে অভিযান পরিচালনা করে যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬
  • ১১:৫০
  • ৪:১১
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪০