ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেট সদর উপজেলার ৭ নম্বর মোগলগাঁও ইউনিয়নের খালপার এলাকায় অসচ্ছল পরিবারের অর্ধশতাধিক শিশুদের বিনামূল্যে খৎনা করা হয়। গতকাল শনিবার দিনব্যাপী খালপার আল ইসলাহ সমাজকল্যাণ যুব সংঘের এ খৎনা ক্যাম্পের আয়োজন করা হয়।
সকাল ১০ টায় খালপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৭ নম্বর মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা এ কে এম আব্দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন, খালপার আল ইসলাহ সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মোহাম্মদ আব্দুল আলাল, সহ সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল বারীসহ সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
আর্থিক সংকটের কারণে এ এলাকার অনেক অভিভাবক তাদের সন্তানদের খৎনা করতে পারছিলেন না। খৎনা ক্যাম্পে দেখা মিলে খালপার গ্রামের ওয়াহিদ আলীর সাথে। এ সময় তিনি বলেন, আর্থিক সংকটের কারণে তাঁর ১৫ বছর বয়সী ছেলে মামুন আহমদের খৎনার মত গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করাতে পারছিলেন না। এখানে বিনামূল্যের এ ক্যাম্পে ছেলের খৎনা করাতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন ওয়াহিদ আলী।
