সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স থেকে পঞ্চম দফায় পাওয়া গেছে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা। এ নিয়ে পাঁচ দফায় দানবাক্সে জমা হওয়া নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ১৩ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা। সর্বশেষ গণনায় নগদ টাকার পাশাপাশি স্বর্ণ, রুপা ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।
আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু হয়।
মাজারের নিরাপত্তা ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে চলতি বছরের জুন মাসে বিশেষ দানবাক্স স্থাপন করা হয়। এরপর থেকে নির্দিষ্ট বিরতিতে প্রকাশ্যে এসব দানবাক্সের টাকা ও মূল্যবান সামগ্রী গণনা করা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথম দফায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, দ্বিতীয় দফায় ৪৭ লাখ ১০ হাজার টাকা, তৃতীয় দফায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা এবং চতুর্থ দফায় ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা পাওয়া যায়। পঞ্চম দফায় পাওয়া গেছে আরও ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা।
পঞ্চম দফায় দানবাক্সে পাওয়া মূল্যবান সামগ্রীর মধ্যে রয়েছে ১ ভরি সাড়ে ৮ আনা স্বর্ণ, ৩ ভরি ১৩ আনা রুপা, ৭ হাজার ৬৪৭ ভারতীয় রুপি ও ১৪ পাউন্ড। এ ছাড়া বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।
টাকা গণনার কার্যক্রমে মাজারের কর্মকর্তা, ব্যাংকের প্রতিনিধি ও বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী অংশ নেন।
গণনা শেষে সংগৃহীত টাকা ও মূল্যবান সামগ্রী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মাজারের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সংগৃহীত অর্থ মাজারের উন্নয়ন ও সার্বিক সেবামূলক কর্মকাণ্ডে ব্যয় করা হবে।
