ওসমানীনগর (সিলেট) উপজেলা সংবাদাতা:: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা বলেছেন, বিগত ১৭ বছর ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ও আদর্শ মুছে ফেলার নানা ষড়যন্ত্র হয়েছে। এমনকি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসও যথাযথভাবে পালন করতে দেওয়া হয়নি। যারা জিয়া এবং জিয়া পরিবারের নামকে মুছে দিতে চেয়েছিল তারা এখন দেশেও থাকার মত অবস্থা নাই। তারা পালিয়ে গেছে।কিন্তু ইতিহাস কখনো চাপা দিয়ে রাখা যায় না, সত্য একদিন প্রকাশিত হবেই। জনগণের প্রত্যক্ষ ভোটে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারেক রহমানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া সেই ইতিহাসেরই প্রতিফলন।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলা বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাঙালি জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে আসেন। পরবর্তী সময়ে জাতীয়তাবাদের দর্শন সামনে রেখে তিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।
শহীদ জিয়ার উন্নয়ন দর্শনের ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন উল্লেখ করে তাহসিনা রুশদী লুনা বলেন, বিগত ১৭ বছরে দেশের সম্পদ লুটপাট ও দুর্নীতির কারণে প্রতিটি খাতে সংকট তৈরি হয়েছে। এখন যেদিকে তাকানো যায়, সেদিকেই হতাশা ও অপ্রাপ্তির চিত্র দেখা যায়। তারপরও এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থ যদি দুর্নীতি, ঘুষ ও আত্মসাতের মাধ্যমে লুটপাট না হয়, তাহলে দেশের মানুষ দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবে। সবাই সম্মিলিতভাবে দুর্নীতির বিরুদ্ধে কাজ করলে বাংলাদেশের উন্নয়ন কেউ আটকে রাখতে পারবে না।

অতীতের রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, যারা দেশের সংকটময় সময়ে রাজপথে ছিলেন না, তারাই এখন বিভিন্ন ব্যানারে সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রয়েছে। দেশের নতুন সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। যারা দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও দেশের সম্পদ লুটপাটের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ এবং সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ওসমানীনগর উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি,কৃষকের আহবায়ক মুক্তার আহমদ বকুল,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, শ্রমিকদলের আহবায়ক শাহাব আলী ও ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *