নির্বাচনী ব্যয়ের হিসাব না দেওয়ায় বিএনপি-এনসিপিসহ ২৩ দলকে ইসির এক মাস সময়

নির্বাচনী ব্যয়ের হিসাব না দেওয়ায় বিএনপি-এনসিপিসহ ২৩ দলকে ইসির এক মাস সময়

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ২৩টি দল নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি। এ কারণে দলগুলোকে আগামী ১৩ জুন পর্যন্ত অতিরিক্ত সময় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেও কোনো দল হিসাব জমা না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের ৯০ দিনের মধ্যে দলগুলোকে ব্যয়ের হিসাব জমা দিতে হয়। নির্ধারিত সময় পার হলে কমিশন আরও ৩০ দিন সময় দিতে পারে। সে অনুযায়ী সময় বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, অতিরিক্ত সময়ের মধ্যেও হিসাব না দিলে সংশ্লিষ্ট দলকে ১০ হাজার টাকা জরিমানা করা হবে এবং আরও ১৫ দিন সময় দেওয়া হবে। এরপরও হিসাব দাখিল না করলে দলটির নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, এনসিপিসহ মোট ৫০টি দল অংশ নেয়। আইন অনুযায়ী, গত ১৩ মে ছিল নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন। এর মধ্যে জামায়াত ও জাতীয় পার্টিসহ ২৭টি দল হিসাব জমা দিলেও বিএনপি ও এনসিপিসহ ২৩টি দল তা জমা দেয়নি।

আইন কী বলছে

গণপ্রতিনিধিত্ব আদেশে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ব্যয়ের সীমা নির্ধারণ করা হয়েছে। কোনো দলের প্রার্থী সংখ্যা ২০০–এর বেশি হলে সর্বোচ্চ ব্যয়সীমা সাড়ে চার কোটি টাকা। প্রার্থী সংখ্যা ১০০–এর বেশি কিন্তু ২০০–এর কম হলে তিন কোটি টাকা, ৫০–এর বেশি কিন্তু ১০০–এর কম হলে দেড় কোটি টাকা এবং ৫০–এর কম হলে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা ব্যয় করা যাবে।

একই সঙ্গে প্রতিটি প্রার্থীর জন্য দল সর্বোচ্চ দেড় লাখ টাকা ব্যয় করতে পারবে। পাঁচ হাজার টাকার বেশি অনুদান চেক ছাড়া গ্রহণ করা যাবে না এবং সব অনুদানের তথ্য দলীয় ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

আরপিও অনুযায়ী, নির্বাচনী ব্যয়ের নিরীক্ষিত হিসাব কমিশনে জমা না দিলে প্রথমে সতর্কীকরণ নোটিশ, পরে জরিমানা এবং সর্বশেষ দলীয় নিবন্ধন বাতিল পর্যন্ত করার ক্ষমতা রয়েছে ইসির।

জামায়াত ও জাতীয় পার্টির ব্যয়

ইসি সূত্রে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিয়েছে। দলটি মোট ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা ব্যয়ের তথ্য দিয়েছে। এর মধ্যে ২২৫ জন প্রার্থীকে চার কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।

অন্যদিকে জাতীয় পার্টি (জাপা) মাত্র পাঁচ লাখ টাকা ব্যয়ের হিসাব দিয়েছে। দলটি প্রার্থীদের কোনো অনুদান দেয়নি বলে জানিয়েছে। তাদের ব্যয়ের মধ্যে নির্বাচনী প্রচারণায় ৩ লাখ ২৫ হাজার টাকা, জনসভায় ১ লাখ ১৫ হাজার টাকা এবং স্টাফ খাতে ৬৫ হাজার টাকা ব্যয়ের তথ্য উল্লেখ করা হয়েছে।

১৩ জুন পর্যন্ত সময় পাওয়া ২৩ দল

যেসব দল এখনো ব্যয়ের হিসাব জমা দেয়নি, সেগুলোর মধ্যে রয়েছে— বিএনপি, এনসিপি, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, জেএসডি, এনডিএম, জাগপা, গণফোরাম, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিসহ মোট ২৩টি দল।

আগামী ১৩ জুনের মধ্যে হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক প্রক্রিয়ায় যেতে পারে নির্বাচন কমিশন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬
  • ১১:৫২
  • ৪:২৭
  • ৬:৩৩
  • ৭:৫৫
  • ৫:০৮