
সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ মে) বিকাল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।
সভায় সিলেট মহানগরীর সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার পাশাপাশি মোটরসাইকেলের বৈধ রেজিস্ট্রেশন (নিবন্ধন) নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ করে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, মোটরসাইকেল চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং চালকদের বাধ্যতামূলকভাবে ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, মহানগরীকে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে ট্রাফিক আইন প্রয়োগের পাশাপাশি চালক ও সাধারণ মানুষের সচেতনতা সবচেয়ে জরুরি। একই সাথে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ ও অনিবন্ধিত মোটরসাইকেলের বিরুদ্ধে দ্রুতই প্রয়োজনীয় ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত জানানো হয়।
উক্ত মতবিনিময় সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ওভারল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সিলেটের প্রতিনিধিবৃন্দ এবং সিলেট শহরের বিভিন্ন নামী-দামি মোটরযান শোরুমের স্বত্বাধিকারী ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সড়কে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএ ও শোরুম মালিকদের যৌথ উদ্যোগের মাধ্যমে প্রতিটি মোটরসাইকেলের সঠিক নিবন্ধন নিশ্চিত করার আহ্বান জানানো হয় সভা থেকে।