
সিলেটে বিভাগে ঈদের দিনেও মিলেছে দুঃসংবাদ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও উপসর্গে ৫৭ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুটির বয়স ৬ মাস। সে সুনামগঞ্জ সদরের মোল্লাপাড়া এলাকার আতাউর রহমানের মেয়ে।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের গত ২৪ ঘন্টার হামের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২৪ ঘন্টায় নতুন করে ৩১ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে ১৬৫ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে হবিগঞ্জে ২১ জন, মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৮৬ জন এবং সিলেটে ৪২ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৩১ জনের মধ্যে ১৮ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, ১০ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ১ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল এবং ২ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২১৩ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৭ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯১ জন, উইমেন্স মেডিকেল হাসপাতালে ২ জন, সিলেটের লায়ন্স শিশু হাসপাতালে ৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ৭ জন, আল হারামাইন হাসপাতালে ৩ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ৪ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ৪ জন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২২ জন, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৮ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ জন চিকিৎসাধীন আছেন।