
সিলেটের বিশ্বনাথে হত্যা ও ডাকাতিসহ ১৩ মামলার আসামি মোশাহিদ ওরফে রাজু (৩৬)-কে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে থাকা তিনটি মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা ছিল।
শনিবার (১৪ জুন) দিবাগত রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোশাহিদ ওরফে রাজু উপজেলার নওধার পূর্বপাড়া গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সুনামগঞ্জের ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ ও দিরাই থানাসহ সিলেটের বিশ্বনাথ থানায় মোট ১৩টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে হত্যা, ডাকাতি, চোরাই মালামাল গ্রহণ, সরকারি কাজে বাধা এবং পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগ।
পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে বিশ্বনাথ থানার হত্যা মামলাসহ ছাতক ও বিশ্বনাথ থানার দুটি ডাকাতি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আজ রবিবার আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সিলেট/হা