
গুলির শব্দ শুনে অতিথিদের অনেকে টেবিলের নিচে আশ্রয় নেনছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের জন্য আয়োজন হয়েছিল বার্ষিক নৈশভোজ। গতকাল শনিবার রাতে আয়োজিত ওই নৈশভোজে অংশ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সেখানেই গুলির ঘটনা ঘটে।

এক অতিথি গুলি থেকে সুরক্ষিত থাকতে নিচে শুয়ে পড়েনছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, এক ব্যক্তি একটি শটগান থেকে সিক্রেট সার্ভিসের এক সদস্যের দিকে গুলি ছোড়েন। সিক্রেট সার্ভিসের ওই সদস্য সুরক্ষা পোশাক পরা ছিলেন। গুলিটি সুরক্ষা পোশাকে আঘাত করায় তাঁর ক্ষতি হয়নি।
শত শত অতিথি আতঙ্কে টেবিলের নিচে আশ্রয় নেন। আর সুরক্ষা পোশাক পরা সিক্রেট সার্ভিস কর্মকর্তারা দৌড়ে ডাইনিং হলে ঢুকে পড়েন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মঞ্চের পেছনে নিচু হয়ে বসেন। এরপর সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুত তাঁদের সেখান থেকে সরিয়ে নিয়ে যান।
ওই নৈশভোজে প্রায় ২ হাজার ৬০০ জন অতিথি উপস্থিত ছিলেন। তাঁদের অনেকেই নিরাপদ আশ্রয় খুঁজে নেন। আর ওয়েটাররা আতঙ্কে ডাইনিং হলের সামনের দিকে ছুটে যান।

মেঝেতে একটি স্যান্ডেল পড়ে আছে। হয়তো ছুটোছুটি করার সময় কোনো অতিথির পা থেকে খুলে পড়েছেছবি: রয়টার্স

নিরাপত্তা কর্মকর্তারা প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনকে নিরাপদে সরিয়ে নিচ্ছেনছবি: রয়টার্স
বিবিসির ওই সংবাদদাতা বলেছেন, তাঁর যতটুকু মনে পড়ে এটি এ ধরনের নৈশভোজের অনুষ্ঠানে প্রথম এমন নিরাপত্তা ভঙ্গের ঘটনা। আর দায়িত্বরত প্রেসিডেন্ট হিসেবে এটি ছিল ওই অনুষ্ঠানে ট্রাম্পের প্রথম উপস্থিতি।
এ ঘটনায় ট্রাম্প–মেলানিয়াসহ ফেডারেল কর্মকর্তাদের সবাই নিরাপদে আছেন। ঘটনাস্থল থেকে নিরাপদে সরে যাওয়ার প্রায় এক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প এমনটা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেছেন, এ ঘটনায় এক বন্দুকধারীকে আটক করা হয়েছে।

নিরাপত্তা কর্মকর্তারা ট্রাম্পকে নৈশভোজ অনুষ্ঠান থেকে নিরাপদে সরিয়ে নিচ্ছেনছবি: রয়টার্স
সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েলমি বলেন, অনুষ্ঠানের প্রবেশপথে মূল তল্লাশি এলাকার কাছে ঘটনাটি ঘটেছে। সিক্রেট সার্ভিস ঘটনাটি তদন্ত করছে।