জৈন্তাপুরে মাদকবিরোধী মানববন্ধন: ‘মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান’

জৈন্তাপুরে মাদকবিরোধী মানববন্ধন: ‘মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান’

সিলেটের জৈন্তাপুর উপজেলাকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার প্রত্যয়ে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন ‘মাদকমুক্ত আন্দোলন জৈন্তাপুর’।

 

বুধবার (১৫ জুলাই) বিকেল ৪টায় জৈন্তাপুর বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদকবিরোধী জনসচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

 

সংগঠনের সভাপতি ফরহাদুজ্জামান ফাহাদ-এর সভাপতিত্বে এবং মো. ইসলাম উদ্দীন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুফতি সাঈদ আহমেদ জৈন্তাপুরী।

 

এসময় আরও বক্তব্য রাখেন মাওলানা মোজাম্মেল হেলালী, হাফিজ ফাহাদ সিদ্দিকী, বিএনপি নেতা আব্দুস শুক্কুর, শ্রমিকনেতা হরহুনা, রিকশাচালক সমিতির সভাপতি নুরুল ইসলাম, মাওলানা শাব্বির আহমেদ, এনাম আহমেদ, এনায়েত উল্লাহ সবুজ, মোখলেছুর রহমান, রেজোয়ান আহমেদ রিমাল, রুবেল আহমেদ, মাওলানা আল হেলাল, মো. জসিম উদ্দিন ও আসাদুজ্জামান।

 

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং পুরো জাতির ভবিষ্যৎকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযান যেমন প্রয়োজন, তেমনি জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগও অপরিহার্য। তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি তরুণদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান জানান।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ জৈন্তাপুর গড়ে তোলার শপথ নেন। তারা ভবিষ্যতেও নিয়মিত জনসচেতনতামূলক কর্মসূচি, প্রচারণা ও সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৮
  • ১২:০২
  • ৪:৩৭
  • ৬:৪৭
  • ৮:১২
  • ৫:১২