দীর্ঘ ৪১ বছরের গৌরবময় শিক্ষকতা জীবন শেষে অবসরে গেলেন কুলাউড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া বেগম। এ উপলক্ষে ২৪ আগস্ট (সোমবার) বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাহমুদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষক রাবেয়া বেগম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম, কুলাউড়া সরকারি কলেজের সাবেক প্রভাষক মো. সিপার উদ্দিন আহমদ, প্রধান শিক্ষক সমিতি কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি ড. মো. আব্দুল কাইয়ুম চৌধুরী ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ফখর উদ্দীন প্রমূখ।
সভায় বক্তারা রাবেয়া বেগমের ৪১ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের নানা স্মৃতি, শিক্ষার্থীদের প্রতি তার অকৃত্রিম ভালোবাসার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে তিনি শুধু পাঠদানই করেননি, অসংখ্য কোমলমতি শিশুর হৃদয়ে জ্ঞানের আলো জ্বালিয়েছেন। তাদের স্বপ্ন দেখিয়েছেন এবং একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা দিয়েছেন।



