সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) দাপ্তরিক কার্যক্রম ও অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন এবং এ উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশ সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। একই সাথে তিনি সিলেটের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সর্বস্তরের মানুষের অব্যাহত সহযোগিতা কামনা করেছেন।
আজ মঙ্গলবার আয়োজিত সুধী সমাবেশ ও শুভ উদ্বোধনী অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করায় তিনি সিলেটবাসী, বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এমপি, আহম্মদ সোহেল মনজুর এমপি-সহ সিলেট অঞ্চলের স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সিউকের সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বিশেষ ধন্যবাদ জানান।
এক বিবৃতিতে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনারা যারা আমাকে সিলেটের উন্নয়ন ও অগ্রগতিতে কাজ করার জন্য অনুপ্রেরণা দিয়েছেন, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতির কারণেই সিউক কর্তৃপক্ষ এত সুন্দর ও সফল একটি আয়োজন সম্পন্ন করতে পেরেছে। অনুষ্ঠানে আমন্ত্রিতদের সংখ্যার আধিক্যের কারণে সবাইকে হয়তো যথাযোগ্য মর্যাদা ও সম্মান প্রদর্শন করতে পারিনি, সে জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
ভবিষ্যৎ পথচলায় সবার সমর্থন প্রত্যাশা করে তিনি আরও বলেন, “আপনাদের এই উপস্থিতি ও ভালোবাসা প্রমাণ করে যে আপনারা অতীতে যেমন পাশে ছিলেন, ভবিষ্যতেও সিউকের প্রতিটি উন্নয়নমূলক পদক্ষেপে সেভাবেই পাশে থাকবেন। সিলেটবাসীর এই সর্বাত্মক সহযোগিতা ও শুভকামনাই আগামী দিনে আমার পথচলার মূল প্রেরণা ও সাহস।”



