গত দেড় বছর ধরে টেলিভিশন নাটক কিংবা সিনেমার পর্দায় দেখা যাচ্ছে না অভিনেত্রী সানজিদা প্রীতিকে। তবে পর্দার বাইরে অভিনয় থেকে দূরে নেই তিনি। এ সময় নিয়মিত মঞ্চনাটকে অভিনয় করছেন নাট্যদল প্রাচ্যনাটের হয়ে। আপাতত মঞ্চনাটককেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই অভিনেত্রী।
সানজিদা প্রীতির মতে, বছরের পর বছর একই চরিত্রে অভিনয় করেও মঞ্চে নতুন নতুন স্তর খুঁজে পাওয়া সম্ভব। অভিনয়ের স্বাধীনতাও অন্য মাধ্যমের তুলনায় মঞ্চে বেশি। এসব কারণেই মঞ্চনাটকের প্রতি তার আগ্রহ রয়েছে।
অভিনেত্রী জানান, ২০২৩ সালে প্রাচ্যনাটের ব্যানারে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অচলায়তন’ এবং মহেশ দত্তানির ‘আগুনযাত্রা’ নামে পরপর দুটি নতুন প্রযোজনা মঞ্চে আনে দলটি। গত দুই বছরে প্রায় প্রতি মাসেই এ দুটি নাটকের মঞ্চায়নে অংশ নিতে হয়েছে তাদের। পাশাপাশি দলের অন্যান্য নাটকের নিয়মিত মঞ্চায়ন ও পথনাটকের কাজও চলছে।
টেলিভিশন ও সিনেমার কাজ কমিয়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রীতি জানান, গত দেড় বছরে তার কাছে এমন কোনো চিত্রনাট্য আসেনি, যা পড়ে তার মনে হয়েছে—কাজটি না করলে জীবন বৃথা হয়ে যাবে। চিত্রনাট্যকেই তিনি চরিত্র নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এরপর আসে চরিত্রের বিষয়টি।
এই বিরতিকে একেবারেই অলস সময় হিসেবে দেখছেন না অভিনেত্রী। তার ভাষ্য অনুযায়ী, একজন অভিনেতার কাজের অংশ হলো অপেক্ষা করা। আর সেই অপেক্ষাও একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে চলে।
ওটিটি প্ল্যাটফর্মে সানজিদা প্রীতির প্রথম কাজ ‘তাকদীর’। অন্যদিকে, তার প্রথম চলচ্চিত্র ‘মৃধা বনাম মৃধা’। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত ‘১৯৭১ সেইসব দিন’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এসব কাজের মধ্যে ‘তাকদীর’ ওটিটি প্ল্যাটফর্মে তুলনামূলক বেশি সাড়া ফেলেছিল বলে মনে করেন প্রীতি।
পর্দায় নতুন কাজের অপেক্ষায় থাকলেও মঞ্চনাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। অভিনয়ের চর্চা অব্যাহত রেখে আপাতত মঞ্চেই নিজের সময় ও মনোযোগ দিচ্ছেন সানজিদা প্রীতি।
