মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে সাংবাদিক, সামাজিক ব্যক্তিত্ব, বিভিন্ন সংগঠন ও ক্রীড়া ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সমাজসেবক ও ক্রীড়ানুরাগী ড. হাজী শাহ্ আলমের এক ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার
রাত ১০টার দিকে শমশেরনগরের আলীবাবা রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় আয়োজিত এ সভায় স্থানীয় সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় ড. হাজী শাহ্ আলম তার দীর্ঘদিনের সমাজসেবা, মানবিক কার্যক্রম, ক্রীড়াঙ্গনের উন্নয়নে অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য। দেশ-বিদেশে অবস্থান করলেও জন্মভূমির মানুষের সুখ-দুঃখের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
আলোচনায় অংশ নিয়ে উপস্থিত সাংবাদিক ও সামাজিক ব্যক্তিত্বরা ড. শাহ্ আলমের বিভিন্ন মানবিক উদ্যোগের প্রশংসা করেন। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং খেলাধুলার প্রসারে তার ভূমিকার কথা উল্লেখ করেন বক্তারা।
তারা বলেন, ইউরোপে বসবাস করেও ড. হাজী শাহ্ আলম নিজ এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখেছেন। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, চা-বাগান এলাকা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার সহযোগিতা স্থানীয় মানুষের কাছে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
মতবিনিময় সভায় আগামী কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে ড. হাজী শাহ্ আলম বলেন, এলাকার জনগণের ভালোবাসা, সমর্থন ও দোয়া পেলে তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহী। নির্বাচিত হলে অবকাঠামোগত উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার, যুবসমাজের দক্ষতা উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবেন।
সভায় উপস্থিত বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ দল-মত নির্বিশেষে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু, প্রেসক্লাবের সহ-সভাপতি সাব্বির এলাহী এবং উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইন মিল্টন। এছাড়াও স্থানীয় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ড. হাজী শাহ্ আলম ‘ইসলামিক নলেজ শমশেরনগর’-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং রুহি ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।



