গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) হাত ধরেই এই অঞ্চলের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ও সুপরিকল্পিত নগর উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। আধ্যাত্মিক নগরী সিলেটের ঐতিহ্য বজায় রেখে আধুনিক ও প্রসারিত পরিকল্পিত নগরায়নে সরকার সর্বাত্মক কাজ করছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে সিলেটের পবিত্র হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। তারা দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করেন। জিয়ারতকালে মন্ত্রীদের সাথে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী এবং পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লিউডি)-এর প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী। এ সময় সিউক ও গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, দ্রুত বর্ধনশীল সিলেট নগরীর সার্বিক অবকাঠামো পুনর্গঠন ও আধুনিক নগর সুবিধা নিশ্চিত করতে সিউক মুখ্য ভূমিকা পালন করবে। নগরীর সম্প্রসারণ যেন সুপরিকল্পিত ও পরিবেশবান্ধব হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর বলেন, সিলেটের পর্যটন সম্ভাবনা ও নাগরিক সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন মেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সকল প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে এবং শতভাগ গুণগত মান বজায় রেখে সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। বার্তা প্রেরক মো. নুরুল ইসলাম প্রেস সচিব (চেয়ারম্যান মহোদয়) সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)






