সিলেট নগরীর শাহপরান থানাধীন রুস্তুমপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রীর বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
হামলার শিকার আমিনা আক্তার (৩০) সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তিনি শাহপরান থানার রুস্তুমপুর গ্রামের বাসিন্দা আব্দুস শহিদের মেয়ে। পরিবার নিয়ে ওই বাড়িতেই বসবাস করেন তিনি।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রাজনৈতিক কোন্দলের জেরে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল লোক অতর্কিতভাবে বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এ সময় বসতঘরের আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করা হয়। বাধা দিতে গেলে পরিবারের এক সদস্য আহত হন। পরে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি তাহমিদ খান শিমুলের অনুসারী। তার নির্দেশেই এই হামলা হয়েছে বলে তাদের অভিযোগ।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
আমিনা আক্তার বলেন, “পারিবারিক ও রাজনৈতিক শত্রুতার কারণে আমার বাড়িতে হামলা হয়েছে। তাহমিদ খান শিমুলের লোকজনই এ হামলা চালিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
এদিকে থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি বলেও অভিযোগ করেছে পরিবারটি। এ বিষয়ে বক্তব্য জানতে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে বারবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।



