‘ক্রীড়া কার্ড’ পেলেন আরও ১৭১ ক্রীড়াবিদ

ক্রীড়াবিদদের আর্থিক সচ্ছলতা নিশ্চিতকরণ এবং খেলাধুলাকে একটি মর্যাদাপূর্ণ ও স্থায়ী পেশা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার ‘ক্রীড়া কার্ড’ কর্মসূচি জোরদার করেছে। এ কর্মসূচির আওতায় দ্বিতীয় ধাপে নতুন করে ১৭১ জন ক্রীড়াবিদকে কার্ড ও মাসিক ভাতার অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৩০০ জন ক্রীড়াবিদ এই বিশেষ সুবিধার আওতায় এলেন।

রোববার (১৯ এপ্রিল) রাজধানীর পল্টনে অবস্থিত জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন অন্তর্ভুক্ত ১৭১ জন খেলোয়ারের হাতে ‘ক্রীড়া কার্ড’ তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এই কর্মসূচির আওতায় তালিকাভুক্ত প্রত্যেক ক্রীড়াবিদ মাসিক ১ লাখ টাকা করে ভাতা পাবেন। তবে এই সুবিধা স্থায়ী নয়; ক্রীড়াবিদদের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে প্রতি চার মাস পরপর তালিকা হালনাগাদ করা হবে। প্রতিমন্ত্রী জানান, কার্ডধারী প্রত্যেক খেলোয়াড়কে বিশেষ বীমা সুবিধার আওতায় আনা হবে। এর ফলে মাঠের পারফরম্যান্স চলাকালীন বা ব্যক্তিগত জীবনে যেকোনো ধরনের ইনজুরিতে তারা অগ্রাধিকার ভিত্তিতে সর্বোচ্চ চিকিৎসা সেবা পাবেন।

অনুষ্ঠানে জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলের ৩৬ জন সদস্য ছাড়াও প্রথমবারের মতো জাতীয় নারী হকি দলের সদস্যরা এই ভাতার আওতায় এসেছেন। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী তরুণ ব্যাডমিন্টন তারকা সিফাত উল্লাহ ও নাজমুল ইসলামকেও এই কার্ড প্রদান করা হয়েছে।

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, “ক্রীড়াকে স্থায়ী পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের মূল লক্ষ্য। খেলোয়াড়দের মান ধরে রাখতে নিয়মিত পারফরম্যান্স মূল্যায়ন করা হবে, যা স্বচ্ছতা নিশ্চিত করবে।”

আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে পাঠ্যক্রমের আবশ্যিক বিষয় করার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, “তৃণমূল পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া শিক্ষক নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় দেশের অভিজ্ঞ সাবেক খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া হবে।”

উল্লেখ্য, সরকারের লক্ষ্য অনুযায়ী পর্যায়ক্রমে ৫০০ জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনা হবে।

দ্বিতীয় ধাপে বিভিন্ন ডিসিপ্লিন থেকে মোট ১৭১ জন খেলোয়াড়কে কার্ড প্রদান করা হয়েছে। তাদের মধ্যে ফুটবল (পুরুষ ও নারী): ৩৬, ‎হকি (পুরুষ ও নারী): ৩৬, ‎ভলিবল: ১৪, ‎দাবা: ১১, ‎আর্চারি: ১১, ‎ভারোত্তোলন: ১০, ‎হ্যান্ডবল: ১০, ‎জিমন্যাস্টিকস: ৯, ‎সাঁতার: ৬, ‎টেবিল টেনিস: ৫, ‎শুটিং স্পোর্ট: ৫, ‎সাইক্লিং: ৪, ‎উশু: ৪, ‎জুডো: ৩, ‎কিকবক্সিং: ২, ‎টেনিস: ২, ‎বডি বিল্ডিং: ২ ও ‎ট্রায়াথলন: ১।