বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, পড়াশোনার পাশাপাশি তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা গেলে তারা মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে। খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও সুস্থ মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত ইউনিভার্সিটি প্রিমিয়ার লিগের (ইউপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের শৃঙ্খলা ও আচরণের বিষয়ে বিশেষভাবে সচেতন থাকতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সিসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিয়েছেন। সরকার গঠনের পর খেলাধুলার উন্নয়ন ও ক্রীড়া অবকাঠামো নির্মাণে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন তিনি। এ ধারাবাহিকতায় সিলেটেও খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়াতে আমরা কাজ শুরু করেছি।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলার প্রসার এবং মাঠের উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, সিলেটে ক্রিকেটসহ বিভিন্ন খেলায় প্রতিভাবান তরুণ খেলোয়াড় রয়েছেন। তাঁদের প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, ক্রীড়া সংগঠন ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশে একাডেমিভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সম্পাদক শাহরিয়ার রিফাত। বক্তব্য দেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা ইশরাত ইবনে ইসরাইল, স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ড. মো. জামাল উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুমনা আজিজ এবং স্পন্সর প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিনিধি।
টুর্নামেন্টে ১০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দল অংশ নিচ্ছে।
