
ফাইল ছবি
ভোরে মাঝারি মাত্রার এক ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে অনুভূত এই কম্পনে ঘুম ভেঙে যায় অনেকের।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের নীরবতায় হঠাৎ ঝাঁকুনি অনুভূত হলে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। কেউ কেউ বৃষ্টির মধ্যেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্যের থৌবাল শহর থেকে প্রায় ৫৯ কিলোমিটার পূর্ব দিকে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৬৬ দশমিক ৫ কিলোমিটার।
সিলেট নগরীসহ আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ঝাঁকুনি অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটি প্রথমে ইউনিভার্সাল টাইম অনুযায়ী রাত ১২টা ২৯ মিনিটে রেকর্ড করা হয়, যা বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টার দিকে অনুভূত হয়। বিশেষজ্ঞরা বলছেন, মাঝারি মাত্রার হলেও তুলনামূলক বেশি গভীরতার কারণে এর প্রভাব বিস্তৃত এলাকায় অনুভূত হয়েছে।