
দীর্ঘ দিন থেকে বন্ধ রয়েছে সিলেটের পাথর কোয়ারি। বন্ধ কোয়ারি খুলে দেওয়ার দাবি ছিল পাথরব্যবসায়ী ও শ্রমিকদের। বিগত নির্বাচনেও এই দাবি জোরালো হয়েছিল। সীমান্ত জনপদ সিলেট-৪ আসনের এমপি প্রার্থীরাও নির্বাচিত হলে কোয়ারি খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই আসন থেকে আরিফুল হক চৌধুরী নির্বাচিত হওয়ার নেপথ্যে কোয়ারি খুলে দেওয়ার প্রতিশ্রুতি বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হয়। তিনি বিজয়ী হয়ে মন্ত্রী হওয়ায় সেই দাবি আরও জোরালো হয়েছে। ফলে পাথর কোয়ারিগুলোর সর্বশেষ অবস্থা ও করণীয় নির্ধারণে বৈঠক ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী বৃহস্পতিবার (৭ মে) এ সভা অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১১ মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এ সভা আহ্বান কর করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের পাশাপাশি বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার এবং সিলেট – সুনামগঞ্জের জেলা প্রশাসক বৈঠকে অংশ নেবেন। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এখন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। ১১ মে তার ফেরার কথা রয়েছে। মন্ত্রণালয়ের বৈঠকে তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দীর্ঘদিন থেকে সিলেট অঞ্চলের পাথর কোয়ারিগুলো থেকে পাথর ও বালু উত্তোলন বন্ধ রয়েছে। পরিবেশ ও প্রাণ ঝুঁকিতে পড়ায় অনেকগুলো কোয়ারি থেকে বালু-পাথর উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞাও আছে।