
চলতি বছর সৌদি আরবে ১০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। সর্বশেষ মারা গেছেন নিলুফা বেগম (৫৭) নামের এক নারী। তিনি ঠাকুরগাঁওয়ের হরিপুরের বাসিন্দা। মক্কায় মৃত্যুবরণ করেছেন তিনি। নিলুফা বেগম বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।
এ নিয়ে চলতি বছর সৌদি আরবে ১০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।
মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এ পর্যন্ত যেসব হজযাত্রী মারা গেছেন তাদের মধ্যে আটজন পুরুষ ও দুজন নারী। এর মধ্যে মক্কায় আটজন ও মদিনায় দুজনের মৃত্যু হয়েছে।
এদিকে এখন পর্যন্ত ১২০টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৪৭ হাজার ৪০ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪ হাজার ৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪২ হাজার ৯৬৯ জন।
এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৫টি, সৌদি এয়ারলাইন্স ৪৪টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি হজ ফ্লাইট পরিচালনা করেছে।
গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।