সিলেট বাস টার্মিনালে শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু, মামলায় ২৯ জনের নাম

সিলেট বাস টার্মিনালে শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু, মামলায় ২৯ জনের নাম

নিজস্ব প্রতিবেদক

সিলেট নগরীর কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকদের সংঘর্ষে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দেলওয়ার হোসেন নামে ওই শ্রমিক বৃহস্পতিবার (৭ মে) দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় এখন পর্যন্ত মোট দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

এর আগে একই সংঘর্ষে গুরুতর আহত রিপন আহমদ গত ২ মে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৭ এপ্রিল সিলেট-জগন্নাথপুর রুটে আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এরপর কদমতলী এলাকায় দফায় দফায় সংঘর্ষ, বাস ও টিকিট কাউন্টার ভাঙচুরের ঘটনা ঘটে। এতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কয়েকজন শ্রমিক আহত হন।

ঘটনার পর দেলওয়ার হোসেনের বাবা গোলাপগঞ্জ উপজেলার রণকেলী উত্তর গ্রামের ছাবলু মিয়া দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শ্রমিক নেতা মইনুল ইসলামকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও প্রায় ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এর আগে নিহত রিপন আহমদের পরিবারের পক্ষ থেকেও একই থানায় আরেকটি মামলা দায়ের করা হয়।

সংঘর্ষের সময় এলাকায় উত্তেজনা নিয়ন্ত্রণে প্রথমে পুলিশ হিমশিম খেলেও পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নজরদারি জোরদার করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ বিরোধ ও সহিংসতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়ভাবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৩
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৭
  • ৭:৪৮
  • ৫:১৪