
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় অংশ নিতে সিলেটের চার যুবদল নেতা আমন্ত্রণ পেয়েছেন। আগামী শনিবার রাজধানী ঢাকায় এ সভা অনুষ্ঠিত হবে।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং জেলা ও মহানগর শাখার নেতাদের নিয়ে এই উচ্চপর্যায়ের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে সিলেট জেলা ও মহানগর যুবদলের চার শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আমন্ত্রিত নেতারা হলেন—সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমেদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন।
দলীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল নয়টায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে সভা শুরু হবে। এতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও মহানগর শাখার আমন্ত্রিত নেতারা অংশ নেবেন।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি আমন্ত্রিত নেতাদের যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছেন।
সিলেটের নেতাদের আমন্ত্রণ পাওয়ার খবরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। আমন্ত্রিত নেতারা মনে করছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এই মতবিনিময় সভা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করতে সহায়ক হবে। একই সঙ্গে আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নে সভা থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাওয়া যেতে পারে বলে তাঁরা আশা করছেন।