
সিলেটে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ১৯তম ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সিলেট আলোকবর্তিকা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে সোমবার নগরের প্রধান প্রধান সড়কে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে নগরের বাগবাড়িস্থ সংস্থার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার সাধারণ সম্পাদক মোছাম্মদ রাবেয়া বেগমের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালেহা বেগম। সভা পরিচালনা করেন রেফা বেগম।
আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার শুধু অটিজম নয়, বিশেষভাবে সক্ষম সব মানুষের জন্য বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করছে। দেশের বিভিন্ন জেলায় শারীরিক, শ্রবণ, দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এর মাধ্যমে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
বক্তারা জানান, বর্তমানে দেশে ১৪টি ‘অটিজম ও ইনডিভিজুয়াল ডেভেলপমেন্ট সেন্টার’ চালু রয়েছে। এসব কেন্দ্রে লাখো মানুষ বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করছেন। সেখানে শিক্ষামূলক কার্যক্রম, ফিজিওথেরাপি, পেশাগত প্রশিক্ষণ, পুনর্বাসন ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তাঁরা আরও বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় অটিজম ও অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক উপকরণ সরবরাহ, পরিবারকে সহায়তা প্রদান এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিদের শুধু শিক্ষিত করাই নয়, তাঁদের সক্ষম ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সমাজের সবাইকে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে বক্তব্য দেন লিপি বেগম, ফাহমিদা আক্তার, রুলি বেগম, সানজিদা আক্তার, সুমা আক্তার, রায়না বেগম, হোসনা বেগম, জেসমিন বেগম, রুমা বেগম ও রেফা বেগমসহ অন্যরা।