কিডারমিনস্টারে প্রথম বাঙালি মেয়র সাজু মিয়া

যুক্তরাজ্যের উরচেস্টারশায়ারের ঐতিহাসিক শহর কিডারমিনস্টারে সৃষ্টি হয়েছে নতুন ইতিহাস। দীর্ঘদিনের কমিউনিটি ব্যক্তিত্ব, বিশিষ্ট সলিসিটর ও লিবারেল ডেমোক্র্যাট রাজনীতিক সাজু মিয়া কিডারমিনস্টার টাউনের প্রথম বাংলাদেশি মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর এই অর্জন ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির জন্য এক অনন্য গৌরবের মুহূর্ত।

বাংলাদেশে জন্মগ্রহণ করে কিডারমিনস্টারে বেড়ে ওঠা সাজু মিয়া ছোটবেলা থেকেই স্থানীয় সমাজের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। তিনি কিং চার্লস I স্কুলে পড়াশোনা শেষে স্ট্যাফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ২০০৬ সালে সলিসিটর হিসেবে যোগ্যতা অর্জন করে প্রতিষ্ঠা করেন নিজের আইন প্রতিষ্ঠান ‘এসএম লসন সলিসিটরস’। ফ্যামিলি ল, কনভেন্সিং ও লিটিগেশনসহ আইনের নানা ক্ষেত্রে তিনি সুনামের সঙ্গে কাজ করছেন।

রাজনীতিতে তাঁর যাত্রা শুরু হয় ২০১৬ সালে, যখন তিনি অফমোর ও কম্বারটন ওয়ার্ড থেকে ওয়াইর ফরেস্ট ডিস্ট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৯ সালে তিনি ওয়াইর ফরেস্ট ডিস্ট্রিক্ট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সেই সময়ে তিনি জেলার নাগরিক দূত হিসেবে কাজ করার পাশাপাশি বিভিন্ন দাতব্য সংস্থার জন্য তহবিল সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

২০২৪ সালের যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ওয়াইর ফরেস্ট আসনে লিবারেল ডেমোক্র্যাট দলের পার্লামেন্টারি প্রার্থী হিসেবেও অংশ নেন সাজু মিয়া। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সমাজসেবামূলক কাজেও অত্যন্ত সক্রিয়। তিনি এইচইএলপি নামের একটি সংস্থার চেয়ারম্যান, যা গৃহহীন ও ঝুঁকিপূর্ণ মানুষের সহায়তায় কাজ করে। এছাড়া সড়ক নিরাপত্তা এবং জীবনযাত্রার ব্যয় সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মতো নানা উদ্যোগে তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

সাজু মিয়ার মেয়র নির্বাচিত হওয়াকে স্থানীয় বাসিন্দারা কিডারমিনস্টারের বৈচিত্র্য ও সম্প্রীতির প্রতীক হিসেবে দেখছেন। তাঁর এই সাফল্য নতুন প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এদিকে যুক্তরাজ্যজুড়ে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠন সাজু মিয়াকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৯
  • ১১:৫২
  • ৪:২৬
  • ৬:৩০
  • ৭:৫২
  • ৫:১১