সিলেটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

  সিলেটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের সড়ক পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আগামী সোমবার (১৮ মে)-এর মধ্যে মামলা প্রত্যাহার না হলে মঙ্গলবার ( ১৯ মে) ভোর ৬টা থেকে এ কর্মবিরতি শুরু হবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শ্রমিক নেতারা জানান, গত ২৭ এপ্রিল সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত শ্রমিক ছাবলু মিয়ার বাবা দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ফেডারেশনের বিভাগীয় সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সাবেক কোষাধ্যক্ষ সামছুল হক মানিক ও সাবেক সাংগঠনিক সম্পাদক নুর মিয়াসহ ২৯ জনকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

এ মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে তা প্রত্যাহারের দাবিতে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

ফেডারেশনের বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক, ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়েজুর নুর ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি কালা মিয়া, মৌলভীবাজার জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি অদুদ আহমদ, সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি কাওসার আহমদ, কোষাধ্যক্ষ বাদল আহমদ, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, ইমা-লেগুনা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইনসান আলী, বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক মাহবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আবুল ও প্রচার সম্পাদক হারিছ আলী প্রমুখ।

সভায় নেতারা বলেন, কদমতলী বাস টার্মিনালের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে নিরপরাধ শ্রমিক নেতাদের আসামি করা হয়েছে। তারা দাবি করেন, ঘটনার সময় ফেডারেশনের শীর্ষ নেতারা নাজিরবাজারে শ্রমিক সংগঠনের নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন তারা।

নেতারা বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই। কিন্তু শ্রমিক সংগঠনের ঐক্য নষ্টের কোনো ষড়যন্ত্র শ্রমিক সমাজ মেনে নেবে না।

সভা থেকে ১৯ মে থেকে শুরু হওয়া কর্মবিরতি সফল করতে সর্বস্তরের পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৯
  • ১১:৫২
  • ৪:২৬
  • ৬:৩০
  • ৭:৫২
  • ৫:১১