আহত মা-মেয়ে, কিশোরীর অবস্থা আশঙ্কাজনক

গোয়াইনঘাটে নাতনিকে তুলে নেওয়ার চেষ্টা, বাধা দিতে গিয়ে দাদি খুন

গোয়াইনঘাটে নাতনিকে তুলে নেওয়ার চেষ্টা, বাধা দিতে গিয়ে দাদি খুন

 সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল হাওর গ্রামে গভীর রাতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টা ও জোরপূর্বক তুলে নেওয়ার সময় বাধা দেওয়ায় তার দাদিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কিশোরী ও তার মা কিশোরীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে গোয়াইনঘাট থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত দিলারা বেগম (৫৪) উপজেলার বীরমঙ্গল হাওর গ্রামের মৃত মাহমুদ হোসেনের স্ত্রী। আহতরা হলেন—নিহতের নাতনি হাবিবা আক্তার (১৪) ও ছেলের বউ সাজনা বেগম। তারা গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাত তিন যুবক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা হাবিবা আক্তারকে মুখ চেপে ধরে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হাবিবার চিৎকার শুনে তার মা সাজনা বেগম এগিয়ে এলে দুর্বৃত্তরা তার হাতে কামড় দেয়। একপর্যায়ে হাবিবাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

মা-মেয়ের চিৎকার শুনে পাশের ঘর থেকে বেরিয়ে আসেন দাদি দিলারা বেগম। তিনি দরজার সামনে দাঁড়িয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে বুকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রতিবেশী আলকাছ মিয়া জানান, একটি টিনশেড ঘরে দিলারা বেগম তার প্রতিবন্ধী মেয়ে, নাতনি হাবিবা, এক প্রতিবন্ধী নাতি এবং ছেলের বউকে নিয়ে বসবাস করতেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার অভিযান চলছে। তবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে দূর্বৃত্তরা মধ্যেরাতে ঘরে প্রবেশ করে এবং কিশোরীকে অপহরণ বা ধর্ষণের উদ্দেশ্যে এ হামলা চালাতে পারে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০
  • ১২:০২
  • ৪:৩৬
  • ৬:৩৯
  • ৭:৫৯
  • ৫:২১