
নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করা এবং পরিবারের খাদ্য, নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে সরকারের উদ্যোগে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৪৬৫টি পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ মে) জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জৈন্তাপুর উপজেলা পরিষদের নবনির্মিত মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ফ্যামিলি কার্ড কর্মসূচি বিষয়ক বক্তব্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং শ্রম প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব।
সরকারি সূত্রে জানা যায়, পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত প্রতিটি পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা সরাসরি নগদ সহায়তা প্রদান করা হবে। সরকারি কোষাগার থেকে জি-টু-পি পদ্ধতিতে এই অর্থ সরাসরি সুবিধাভোগী নারীর মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক হিসাবে জমা হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মসন সিংহ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুর রফিক, সদ্য বিদায়ী ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা, কানাইঘাট সার্কেল পুলিশ-এর সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বেলাল, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ ইসমাইল হুসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাবেক জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শুরুর আগে মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর হাতে জৈন্তাপুর প্রেসক্লাব-এর নবনির্বাচিত সভাপতি গোলাম সারওয়ার বেলাল ও সাধারণ সম্পাদক দুলাল হোসেন রাজুর নেতৃত্বে সাংবাদিকরা শুভেচ্ছা হিসেবে ফুলের তোড়া তুলে দেন। একই সঙ্গে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোঃ ইসমাইল হুসাইনের নেতৃত্বে সাংবাদিকবৃন্দ মন্ত্রীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।
পরে জেলা পর্যায়ে সদ্য বিজয়ী নতুন কুঁড়ি অনূর্ধ্ব-১৪ বালক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া জৈন্তাপুর উপজেলা ফুটবল দল-এর খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চালু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচি দেশের দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।