
পর্তুগালের লিসবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মো. আকতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৩ মে) ভোর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্য আসে।
ছড়িয়ে পড়া ভিডিওটি ঠিক কোন সময়ের, তা নিশ্চিত হওয়া না গেলেও আজ শনিবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে আকতার হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়ে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফেসবুক পোস্টে আকতার হোসেন লিখেছেন, ‘আজকে পর্তুগাল এনসিপির দায়িত্বশীলদের সাথে মিটিং ছিল। মিটিং শেষ হওয়ার সাথে সাথে পর্তুগাল ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে পিছন থেকে অস্ত্রসহ অতর্কিত হামলা করে।’
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একটি পার্কের ভেতরে আকতার হোসেন দুজন ব্যক্তির সাথে কথা বলছিলেন। এমন সময় হঠাৎ এক যুবক এসে তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। পরপরই আরও দুই যুবক এসে একই ঘটনার পুনরাবৃত্তি করেন। বেশ কয়েকবার ডিম নিক্ষেপের পর ওই যুবকেরা আকতার হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করতে শুরু করেন। একপর্যায়ে আকতার দৌঁড়ে ওই স্থান থেকে আত্মরক্ষা করেন।
পর্তুগালপ্রবাসী বাংলাদেশিদের সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার অন্যতম আহ্বায়ক ও এনসিপি নেতা মো. আকতার হোসেন গত সপ্তাহে ব্যক্তিগত সফরে পর্তুগালে যান। লিসবনের একটি পার্কে অবস্থানকালে স্থানীয় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাঁর ওপর এই হামলা চালান বলে প্রবাসীরা জানান।
ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে আকতার হোসেনের ফেসবুক মেসেঞ্জারে খুদে বার্তা পাঠানো হলেও তাৎক্ষণিকভাবে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া ঘটনার সাথে সম্পৃক্ত পর্তুগাল ছাত্রলীগের দায়িত্বশীল কারও বক্তব্যও নেওয়া সম্ভব হয়নি।
আকতার হোসেনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে এনসিপি সিলেট জেলা ও মহানগর শাখা।
এনসিপি সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আবু সাদেক মো. খাইরুল ইসলাম চৌধুরী ভিডিওর সত্যতা নিশ্চিত করে বলেন, “পর্তুগালে থাকা কিছু ছাত্রলীগ কর্মী অতর্কিতভাবে আমাদের নেতা আকতারের ওপর এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে।”
এদিকে আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপি সিলেট জেলার আহ্বায়ক ও সদস্যসচিবের বরাতে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘এনসিপি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সম্প্রতি আমাদের সাথে সাক্ষাৎ করে ব্যক্তিগত সফরে পর্তুগাল গমন করেছেন। গতকাল তাঁর ওপর নিষিদ্ধঘোষিত তথাকথিত ছাত্রলীগের সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ একই সাথে বিবৃতিতে দেশে ও বিদেশে অবস্থানরত এনসিপির সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।