এবার নবীগঞ্জে ৯ বছরের স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় স্কুলপড়ুয়া ৯ বছরের এক শিশুকে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্বরোচিত এই ঘটনায় পুরো এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ সোমবার (২৫ মে) বিকেলে ভুক্তভোগী শিশুকে আশঙ্কাজনক অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠান।

পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নের ওই স্কুলছাত্রী বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিল। পথিমধ্যে একই এলাকার মৃত কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া (৩৫) ও তার এক সহযোগী মিলে শিশুটির মুখ চেপে ধরে পাশের একটি নির্জন বাঁশঝাড়ে নিয়ে যায় এবং সেখানে তাকে পাশবিক নির্যাতন ও ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর রক্তাক্ত ও অচেতন অবস্থায় শিশুকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।

ভুক্তভোগী শিশুর স্বজনরা জানান, লোকলজ্জা ও সামাজিক ভয়ের কারণে গতকাল তারা শিশুকে হাসপাতালে নিয়ে যাননি। কিন্তু আজ সোমবার দুপুরের পর শিশুর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে এবং অতিরিক্ত রক্তক্ষরণ দেখে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসেন। এই অমানবিক ঘটনার সাথে জড়িত আফরোজ ও তার সহযোগীর দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানিয়েছেন স্বজনরা।

এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, “নৃশংস এই ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ভুক্তভোগী পরিবারের সাথে যোগাযোগ করেছি। পুলিশের একটি বিশেষ টিমকে ইতিমধ্যেই ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেই সাথে শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত অভিযুক্তদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪২
  • ১১:৫৩
  • ৪:২৮
  • ৬:৩৬
  • ৮:০০
  • ৫:০৬