
প্রবাসে লোক পাঠানোর নামে যেসব কনসালট্যান্সি ফার্ম ও প্রতিষ্ঠান সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে, সেসব জালিয়াত চক্রের বিরুদ্ধে সরকার অত্যন্ত কঠোর ও দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আজ সোমবার (২৫ মে) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দুর্ঘটনায় আহত শ্রমিক ও নিহত শ্রমিক পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। সম্প্রতি সিলেটে ‘অ্যামেক্স এসোসিয়েটস’ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাল্টি-কোটি টাকার ভিসা প্রতারণার ঘটনা প্রকাশ্যে আসার প্রেক্ষাপটে মন্ত্রীর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী আরও বলেন, “শ্রমিকদের অধিকার রক্ষা ও সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে সরকার দ্রুততম সময়ের মধ্যে বিদ্যমান শ্রম আইন সংশোধনের কার্যকর পদক্ষেপ নিয়েছে।”
এছাড়া সড়ক দুর্ঘটনাসহ কর্মস্থলে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিক পরিবারকে সহায়তার পাশাপাশি হাওর অঞ্চলে বজ্রপাতে মৃত অবহেলিত শ্রমিকদের পরিবারকেও সরকার সার্বিক সহযোগিতা করার পরিকল্পনা করছে বলে জানান মন্ত্রী।
এর আগে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ২০১ জন আহত শ্রমিক এবং নিহত শ্রমিকের পরিবারের মাঝে মোট ৬৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে আসন্ন ঈদুল আজহার আগে এই বিশেষ অনুদান দেওয়া হয়। যেখানে ক্ষয়ক্ষতির মাত্রা বিবেচনা করে পরিবার প্রতি সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত আর্থিক চেক হস্তান্তর করা হয়।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এবং সিলেট জেলা পরিষদের প্রশাসক সন্দীপ কুমার সিংহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা দেশের অর্থনীতি সচল রাখতে শ্রমিকদের অবদানের কথা স্মরণ করেন এবং যেকোনো দুর্যোগে সরকার মেহনতি মানুষের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।